প্রিন্ট এর তারিখঃ Apr 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
জুলাই সনদে শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ স্বীকৃতি

ডেক্স নিউজ,
পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে জুলাই সনদে। সনদে জুলাই গণঅভ্যুত্থানের পাশাপাশি স্বীকৃতি পাচ্ছে বিগত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলন। ওয়ান-ইলেভেন সৃষ্টির জন্য আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে, লগি-বৈঠার তাণ্ডবে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে ১/১১ সৃষ্টি হয়েছিল।
জুলাই সনদের পরিমার্জিত ভাষ্যে পঁচাত্তরে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে শেখ মুজিবের একদলীয় শাসন কায়েমের বিপরীতে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা উল্লেখ থাকছে। সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায় নতুন একটি ধারা যুক্ত করে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া দল ক্ষমতায় গেলে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে।
সনদের আগের ভার্সনে ২০০৬ সালে ‘কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ড ও তৎপ্রেক্ষিতে ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি ও একটি অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচন স্থগিত হয়ে যায়’ বলা হয়েছিল। সেটি সংশোধন করে ‘আওয়ামী লীগের নেতৃত্বে লগি-বৈঠার তাণ্ডবে দেশে কয়েকটি নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি ও একটি অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়, যা ১/১১ সরকার নামে পরিচিত। ফলে নির্বাচন স্থগিত হয়’ যুক্ত করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY